জামিনে বের হয়ে স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেলেন তরুণ, থানায় অভিযোগ
ভিডিও থেকে নেওয়া
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৯:৫৩
কুমিল্লায় এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। গতকাল সোমবার রাতে কুমিল্লার লাকসাম উপজেলায় এ ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে, অভিযুক্ত তরুণ মাসুদ ও স্কুলছাত্রী পালিয়ে বিয়ে করেছিল। কিন্তু মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার অপহরণ মামলা করে। তখন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে বের হয়ে মাসুদ স্কুলছাত্রীকে তুলে নিয়ে গেছে।
আজ মঙ্গলবার সকাল থেকে সামাজিক মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ২৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, একটি দ্বিতল ভবনের ছাদ থেকে এক স্কুলছাত্রী কাঁধে করে নিচে নামছে কয়েকজন। এ সময় বাড়ির আঙিনা ও ভবনের আশপাশে বেশ কিছু লোকজন উপস্থিত ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে অভিযুক্ত মাসুদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা পালিয়ে বিয়ে করেন। মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিবার মাসুদের বিরুদ্ধে অপহরণ মামলা করে। মামলার পর পুলিশ মাসুদকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। আর ছাত্রীকে আদালতের মাধ্যমে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়। ওই মামলায় মাসুদ সম্প্রতি জামিনে বের হন। গতকাল সোমবার রাতে মাসুদ লোকজনসহ লাকসামে আসে। এ সময় ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
ওই ছাত্রীর মা বলেন, ‘গভীর রাতে মাসুদসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট চালায়। পরে জোরপূর্বক তার মেয়েকে নিয়ে যায়। হামলার সময় নগদ ১৭ লাখ টাকা ও ৩২ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে।’
লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী সমকালকে বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে মাসুদের প্রেমের সম্পর্ক ছিল। তারা পালিয়ে বিয়েও করেছিল। কিন্তু মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার অপহরণ মামলা করলে মাসুদকে গ্রেপ্তার করা হয়। জামিনে বের হয়ে মাসুদ ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়।’
ওসি আরও বলেন, এ ঘটনার পর ওই তরুণীর পরিবার আবারও থানায় অভিযোগ দিয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।
