ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ
×

 বগুড়া ব্যুরো 

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৮:৪৬

| প্রিন্ট সংস্করণ

বগুড়ায় টনসিল অপারেশন করার সময় শাপলা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, অবহেলা ও ভুল চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে নগরের চকযাদু রোডের সারা হাসপাতালে এ ঘটনা ঘটে।

শাপলা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রিয়াদপুর নয়াপাড়া এলাকার মৃত হারুনুর রশিদের মেয়ে এবং বগুড়ার সোনাতলা উপজেলার বাইগুনী এলাকার রানা মিয়ার স্ত্রী।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে শাপলা বেগমকে সারা হসপিটালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সাতটার দিকে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অচেতন করার পরপরই তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। জরুরি ভিত্তিতে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তখনই তাঁর হৃদ্স্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল এবং সারা হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর স্বজনদের চিৎকারে স্থানীয় লোকজন হাসপাতালে জড়ো হন এবং হাসপাতালে ভাঙচুর করা হয়। এ সময় হাসপাতালটির মূল ফটকে তালা ঝুলিয়ে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা সেখান থেকে দ্রুত চলে যান। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
শাপলার স্বামী রানা মিয়া বলেন, ‘শিবগঞ্জের বুড়িয়ার হাট এলাকার এক চিকিৎসকের পরামর্শে এবং এক দালালের মাধ্যমে এই হাসপাতালে এসেছিলাম। এনেস্থেশিয়ার ভুল ডোজ এবং অপারেশনের কারণেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’ পরে তিনি মামলা করবেন বলে জানান। 
সারা হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের সার্জন ডা. সাদিকুল ইসলাম বলেন, ভুল অপারেশনে নয় অন্য কোনো কারণে রোগীর মৃত্যু হয়েছে। রোগ নির্ণয় করেই অপারেশন করেছিলাম। 
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×