সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
ফাইল ছবি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৪:৪৭ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ১৬:৫৪
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার শীতলপুর গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮) ও গোলাম রাব্বানীর ছেলে মহিউদ্দিন (৪২)। তারা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মহিউদ্দীনের ভাই ইশারাত আলী বলেন, ‘মহিউদ্দিন ও মো. শাহীন ভারতের তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে তারা দেশে ফেরার চেষ্টা করেন। ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা আহত হন। সকালে একটি অচেনা ফোন নাম্বার থেকে কল আসে। কল পাওয়ার পর নলতা থেকে তাদের উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক শাহিনের এক আত্মীয় বলেন, ‘ঈদের আগে থেকে মহিউদ্দিন ও শাহীন দেশের আসার চেষ্টা করছিল কিন্তু পারেননি। মঙ্গলবার রাতে তারা বসন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করেন। ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি শাহিনের ডান হাতে বিদ্ধ হয়। এছাড়া মহিউদ্দিন বুকের বাম পাশে গুলি লাগে। পরে স্থানীয় তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের জানান।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, বুধবার ভোরের দিকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারত থেকে দেশে আসার সময় তারা বিএসএফের গুলির শিকার হয়েছেন। তবে ঘটনাটি ঠিক কোন সীমান্তে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
জানতে চাইলে সাতক্ষীরার নীল ডুমুর- ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শারিয়ার বলেন, কালীগঞ্জ উপজেলার বাঁশঝাড়িয়া সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কোনো সীমান্তে ঘটনাটি ঘটেছে তা এখনো অস্পষ্ট।
সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান গণমাধ্যমকে জানান, আহত ওই দুজন ঠিক কোন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
