একটি মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সমকাল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৫:১৪
দেশে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করতে না পারে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'এই সময়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন নতুন করে দেশ গঠনের কাজে এগিয়ে যাচ্ছি, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই।'
তিনি বলেন, বাংলাদেশের জন্য এটি একটি বিরল সম্মানের বিষয় যে দেশটি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে নির্বাচিত হয়েছে। আগামী এক বছর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংস্থার নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।
দেশের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, সব সমস্যার সমাধান রাতারাতি হবে না। তবে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চলছে।যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, 'মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। এ থেকে আমাদের মুক্ত হতে হবে।'
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং রুহিয়া বিএনপির সভাপতি আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
- বিষয় :
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- ঠাকুরগাঁও
