শেরপুরে বাঁশ কাটা নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৭:০১
বগুড়ার শেরপুরে বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে হযরত আলী (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই আব্দুর রহিমের (৫৫) বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলঘড়িয়া গ্রামের একটি বাঁশবাগানের বাঁশ কাটা নিয়ে হযরত আলীর সঙ্গে তার চাচাতো ভাই আব্দুর রহীম ও ভাতিজা নাইম ইসলামের বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার বিকেলে হযরত আলীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।’
- বিষয় :
- নিহত
- পিটিয়ে হত্যা
