ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নদীতে গোসলের সময় দুই ভাইয়ের মৃত্যু

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নদীতে গোসলের সময় দুই ভাইয়ের মৃত্যু
×

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৭:২০

দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার কালীর বাজার সংলগ্ন আত্রাই নদীর বালুমহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) এবং তার ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩২)।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটিতে গত ৩১ মে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাদ্দাম ইসলাম। তার সঙ্গে বড় ভাই মান্না ইসলামসহ পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। বুধবার দুপুরে তারা খানসামা উপজেলার ঐতিহ্যবাহী লিচুবাগান দেখতে যান। পরে দুপুর ১টার দিকে জোয়ার কালীর বাজার এলাকার আত্রাই নদীতে গোসল করতে নামেন দুই ভাই। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে নিখোঁজ হন। তাদের সঙ্গে থাকা স্বজনদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর বিকেল ৩টার দিকে নদী থেকে দুই ভাইকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী জানান, আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাই পানিতে ডুবে মারা গেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। থানা পুলিশের সহায়তায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

×