কক্সবাজারে পূর্ববিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় নিহত ২
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৯:১২
কক্সবাজার শহরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে হৃদয় (২৮) এবং কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা আসিফ (২৭)। আহত আশরাফুল ইসলাম পাহাড়তলী ইসলামপুর মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আসিফ ও আশরাফুল ইসলাম আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিফের মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মধ্যে একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরজনের মরদেহ চট্টগ্রামে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
