ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সব দলকে কর্মকাণ্ড পরিচালনা করতে দিতে চায় বিএনপি: মির্জা ফখরুল

সব দলকে কর্মকাণ্ড পরিচালনা করতে দিতে চায় বিএনপি: মির্জা ফখরুল
×

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ২১:২৯

বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে যাওয়ার সুযোগ দিতে হবে। জনগণই ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলাবাসীর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্যাতন-নিপীড়ন করে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের সমর্থনই রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণ বিএনপির ওপর যে আস্থা রেখেছে, তা ধরে রাখতে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানুষের ভালোবাসা অর্জনে কাজ করতে হবে।

তিনি বলেন, একটি কার্যকর সংসদ এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। এ সময় তিনি ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষিভিত্তিক শিল্প ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তরুণদের শুধু ডিগ্রিমুখী না হয়ে কারিগরি ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বানও জানান তিনি।

এছাড়া বর্ষা মৌসুমে ব্যাপক বৃক্ষরোপণের জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×