ডিসি পরিচয়ে চাঁদাবাজি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ০৮:০১
| প্রিন্ট সংস্করণ
নিজেকে কখনও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনও সিআইডির এসপি, ডিসি কিংবা রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে নাঈম হোসেন (২৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত মঙ্গলবার মধ্যরাতে বগুড়ার সান্তাহার বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ৩৮টি বিভিন্ন মোবাইল অপারেটরের সিমকার্ড উদ্ধার করা হয়।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান। গ্রেপ্তার নাঈম হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের বাবুর ছেলে।
পুলিশ সুপার জানান, গত ২৫ মে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ীকে ফোন করেন। তিনি দাবি করেন, ওই ব্যবসায়ীর ওষুধ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং মামলা এড়াতে পাঁচ লাখ টাকা দিতে হবে। মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদে ২০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। এ ছাড়া গত ৩০ মে একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি ‘জাহিদ’ পরিচয় দিয়ে এক বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন করেন। ওই দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন হচ্ছে এবং মামলা এড়াতে ৪০ হাজার টাকা দাবি করেন। এ ধরনের প্রতারণার একাধিক অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখা ও আইসিটি শাখাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
- বিষয় :
- চাঁদা
