কুমিল্লার এসপি প্রত্যাহারের ভুয়া চিঠি ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ২
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২২:০২ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ২২:১৮
কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহার ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম বাগেরহাট ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন, কুমিল্লার মহানগরীর শ্রীমন্তপুর এলাকার বাবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন পারভেজ (৩২) এবং বাগেরহাটের চিতলমারির কলাতলা গ্রামের মো. ইশারত শেখের মেয়ে সোনিয়া আক্তার (২৮)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পঙ্কজ বড়ুয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩১ মে ‘প্রতিবাদী জনতা’ নামের একটি ফেসবুক পেইজ থেকে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে প্রত্যাহারের বিষয়ে পুলিশ সদর দপ্তরের নামে একটি আদেশ সামাজিকমাধ্যমে ছাড়ানো হয়। আদেশটি সম্পূর্ণ ভিত্তিহীন। জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এটি প্রচার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দেবনাথ জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শামসুল আলম শাহ্ প্রমুখ।
বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. আনিসুজ্জামান পুলিশ সুপার হিসেবে গত বছরের ২৯ নভেম্বর কুমিল্লায় যোগদান করেন। এর আগে তিনি ঢাকার পুলিশ সুপার ছিলেন।
- বিষয় :
- কুমিল্লা
