যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪
তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। ছবি: সমকাল
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৫:৩৭
সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা ছিনতাই মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আবু রায়হান, রিপন ফকির, নাজমুল শেখ ও আলী শেখ। শুক্রবার রায়গঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।
পুলিশ জানায়, গত ৩ জুন বিকেলে উপজেলার কালিঞ্জা ব্রিজ এলাকায় পাঙ্গাসী গ্রামের বাসিন্দা রাসেল শেখের অটোরিকশা ছিনতাই করা হয়। অভিযুক্তরা প্রথমে ভাড়ার যাত্রী সেজে অটোরিকশাটি বিভিন্ন এলাকায় নিয়ে যায়। পরে নির্জন স্থানে চালককে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়।
ঘটনার পর রাসেল শেখ রায়গঞ্জ থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সার্বিক তত্ত্বাবধানে এবং রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় ছিনতাই হওয়া প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা বলেন, অপরাধ দমনে রায়গঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তদন্ত শেষে মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।
