বিশ্বকাপের গ্যালারিতে নিষিদ্ধ ভুভুজেলা, কড়া আচরণবিধি ফিফার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৬:১২
ফুটবল মাঠে খেলা দেখার পাশাপাশি গ্যালারিতে নানা অনুষঙ্গে উৎসব করতে ভালোবাসেন দর্শক-সমর্থকেরা। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপে গ্যালারির সেই চেনা উন্মাদনায় বেশ কিছু রাশ টানতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। স্টেডিয়ামের নতুন আচরণবিধি অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর কোনো ভেন্যুতেই এবার বাজানো যাবে না বহুল আলোচিত প্লাস্টিকের বাঁশি ‘ভুভুজেলা’। একই সঙ্গে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে আরও কিছু কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রথম বিশ্বমঞ্চে ঝড় তুলেছিল লম্বা প্লাস্টিকের বাঁশি ভুভুজেলা। দক্ষিণ আফ্রিকান ফুটবল সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলেও এর একঘেয়ে ও টানা জোরালো শব্দ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। অনেকেই স্টেডিয়ামের এই কানফাটা আওয়াজকে মৌমাছির ঝাঁকের গুঞ্জনের সঙ্গে তুলনা করেছিলেন। এবার দর্শকদের ম্যাচ উপভোগের পরিবেশ নির্বিঘ্ন রাখতে ভুভুজেলার পাশাপাশি সব ধরনের সাধারণ বাঁশি, এয়ার হর্ন এবং মাত্রাতিরিক্ত শব্দ তৈরি করে এমন যেকোনো ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ফিফা। শব্দদূষণকারী যন্ত্রের পাশাপাশি গ্যালারিতে লেজার বিম বা লেজার পয়েন্টার ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকছে।
শুধু শব্দ উৎপাদনকারী যন্ত্রই নয়, দর্শকদের পোশাক ও আচরণের ক্ষেত্রেও কড়া নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। নতুন আচরণবিধি অনুযায়ী, শরীরের আঁকিবুকি বা ট্যাটুকে পোশাক হিসেবে গণ্য করা যাবে না। নগ্ন হয়ে মাঠে দৌড়ানো, নগ্নতা প্রদর্শন কিংবা শরীরের গোপন অংশ দেখানোর উদ্দেশ্যে পোশাক খোলা কঠোরভাবে নিষিদ্ধ।
এছাড়া গ্যালারির নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না দর্শকরা। ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আচরণবিধির এই নিয়মগুলো লঙ্ঘন করলে কোনো দর্শককে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না. আর গ্যালারিতে নিয়ম ভাঙলে তাৎক্ষণিকভাবে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হবে।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
