ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিশ্বকাপের আগে ফ্রান্সের হার, স্পেনকে রুখল ইরাক

বিশ্বকাপের আগে ফ্রান্সের হার, স্পেনকে রুখল ইরাক
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৬:০৭

বিশ্বকাপ ফুটবলের মহোৎসব শুরু হতে বাকি আর মাত্র কয়েক দিন। মেগা টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে এসে বড় ধাক্কা খেয়েছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আমাদ দিয়ালোর শেষ মুহূর্তের চমকে ফ্রান্সকে স্তব্ধ করে দিয়েছে আইভরি কোস্ট। অন্যদিকে, দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে পা রাখা ইরাকের লড়াকু ফুটবলের সামনে ঘরের মাঠে হোঁচট খেয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

বৃহস্পতিবার রাতে ফ্রান্সের নান্তেসে অনুষ্ঠিত হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ২-১ ব্যবধানে হারিয়ে বড় চমক দেখায় আইভরি কোস্ট। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা ফ্রান্স প্রথমার্ধের যোগ করা সময়ে ডেডলক ভাঙে। ডি-বক্সের বাইরে থেকে প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে ডান প্রান্ত থেকে গোল করে ফরাসিদের এগিয়ে নেন তরুণ তারকা রায়ান চেরকি।

দ্বিতীয়ার্ধে একসঙ্গে ৫টি পরিবর্তন এনে কিলিয়ান এমবাপের জায়গায় জঁ-ফিলিপ মাতেতাকে মাঠে নামান ফরাসি কোচ দিদিয়ের দেশম। তবে ৫৩ মিনিটে গুয়েলা দুয়ের গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। এরপর ম্যাচের ৮৪ মিনিটে নাটকীয় মোড় আসে; গুয়েলা দুয়ের ভাসানো ক্রসে চমৎকার ফিনিশিংয়ে গোল করে আইভরি কোস্টের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন বদলি নামা আমাদ দিয়ালো। আগামী সোমবার উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে ১৬ জুন সেনেগালের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স।

রাতের অন্য ম্যাচে লা করুনার রিয়াজর স্টেডিয়ামে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ১-১ গোলে রুখে দিয়েছে ‘লায়নস অব মেসোপটেমিয়া’ খ্যাত ইরাক। ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে ম্যাচের ১৬ মিনিটেই ফেরান তোরেসের দুর্দান্ত গোলে লিড নিয়েছিল স্পেন। তবে ২৭ মিনিটে ইরাকের ডিফেন্ডার মারচাস দোস্কির দূরপাল্লার নিখুঁত শটে সমতায় ফেরে সফরকারীরা। দ্বিতীয়ার্ধে স্প্যানিশরা গোল করতে মরিয়া হলেও ইরাকের জমাট রক্ষণ ভাঙতে পারেনি।

সোমবার পেরুর বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলে ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে স্পেন। পরদিন ১৬ জুন নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরাক, গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ফ্রান্স ও সেনেগাল।

আরও পড়ুন

×