এই জাপান বেশ আত্মবিশ্বাসী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৪:৫৩ | আপডেট: ০৫ জুন ২০২৬ | ১৪:৫৩
চার বছর আগে কাতার বিশ্বকাপে জাপান স্কোয়াডের সবচেয়ে কম বয়সী সদস্য ছিলেন তাকেফুসা কোবু। সে বিশ্বকাপে তারা জার্মানি ও স্পেনের মতো ইউরোপিয়ান হেভিওয়েটকে হারিয়ে ইতিহাস গড়েছিলেন। মাত্র ২১ বছর বয়সে সে ইতিহাসের অংশ হয়ে গিয়েছিলেন কোবু।
যদিও শেষ পর্যন্ত নক আউটে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে চোখের জলে বিদায় নিতে হয়েছিল তাদের। এতে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন অধরাই থেকে যায়। লা লিগার ক্লাব রিয়াল সোসিয়েদাদে খেলে কোবু এখন বেশ পরিণত। জাপানও আগের তুলনায় অনেক পরিণত ও আত্মবিশ্বাসী বলে মনে করছেন তারকা এ মিডফিল্ডার।
এরই মধ্যে ‘জাপানি মেসি’ হিসেবে খ্যাতি পেয়ে গেছেন কোবু। বিশ্বকাপে সে ঝলক দেখা যাবে বলে ফিফার সঙ্গে একাধিক সাক্ষাৎকারে বলেছেন তিনি, ‘এশিয়ান কোয়ালিফায়ারের চতুর্থ বা পঞ্চম ম্যাচ হবে, আমরা ৬ পয়েন্টের লিডে। তখনই আমার অনুভব হয়েছিল, আমরা আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। এটা শুধু ফলাফলের ভিত্তিতে বলছি না। তখন আমরা ঠিক যেভাবে চাইছিলাম, দল হিসেবে সেভাবে খেলতে পারছিলাম।’
কাতারে যে হতাশা তৈরি হয়েছিল, সেটা কাটিয়ে আবার তারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বলে মনে করছেন তিনি। বিশ্বকাপে জাপান কখনও কোয়ার্টার ফাইনাল খেলেনি। গত আসরে ক্রোয়েশিয়ার বিপক্ষে নকআউট থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। সে স্মৃতি নিয়ে কোবু বলেন, ‘সে ম্যাচটিতে বুঝতে পেরেছিলাম, ইতিহাস পরিবর্তন করা কত কঠিন।’
তবে ২০২৬ বিশ্বকাপে তারা আবার ইতিহাস গড়ার চেষ্টা করবেন বলে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন কোবু, ‘বিশ্বকাপে সাধারণত ম্যাচগুলো নির্ধারিত হয় খুবই স্বল্প ব্যবধানে। তাই ম্যাচের প্রতিটা মুহূর্ত সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে।’ আরও একটি কারণে আত্মবিশ্বাসী কোবু। সম্প্রতি জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি খেলোয়াড় ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ক্লাব ফুটবলে অংশ নিচ্ছে।
এ বিষয়ে কোবু বলেন, ‘ইউরোপের সর্বোচ্চ লেভেলে খেলার কারণে আমরা এখন কৌশলগত বিষয়গুলো আগের চেয়ে বেশি বুঝি। মানসিকভাবেও আমরা আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হয়ে উঠেছি।’ ১৫ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে জাপান।
- বিষয় :
- জাপান
- বিশ্বকাপ ফুটবল
