ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গা গরমের ম্যাচে নেই আলভারেজ

গা গরমের ম্যাচে নেই আলভারেজ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৪:৪৮

যুক্তরাষ্ট্র পৌঁছার পর তৃতীয় ট্রেনিং সেশন শেষ করেছে আর্জেন্টিনা। গত বুধবার কানসাস সিটিতে সর্বশেষ ট্রেনিং সেশনটি ছিল একেবারে উন্মুক্ত। গ্যালারিভর্তি দর্শক তো ছিলই, আর্জেন্টাইন গণমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ লাইভ স্ট্রিমিং করেছে পুরো সেশন। হন্ডুরাসের বিপক্ষে ৭ জুনের প্রস্তুতি ম্যাচের দল নিয়েও ওই অনুশীলনে ধারণা পাওয়া গেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি একাদশ প্রায় দিয়েই দিয়েছেন। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি রেখেছেন।

কানসাসের প্রচণ্ড গরমের কারণে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া সেশনে অধিনায়ক লিওনেল মেসিসহ চোটাক্রান্ত সবাই উপস্থিত ছিলেন। তবে তাদের অধিকাংশই যে প্রস্তুতি ম্যাচে খেলবেন না, সেটা বোঝা গেছে আলাদা আলাদা ট্রেনিং করতে দেখে। গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা ও নিকোলাস পাজকে দলের সঙ্গে জগিংয়ের পর স্কোয়াডের মূল গ্রুপ থেকে একটু দূরে নিজে নিজে স্ট্রেচিং করতে দেখা গেছে। মূলত চোট থেকে সেরে ওঠার পুনর্বাসনের কাজ করেছেন তারা। কোচিং স্টাফরা খুবই সতর্কতার সঙ্গে তাদের পর্যবেক্ষণে রেখেছেন। তাদের উন্নতি দেখে টিম ম্যানেজমেন্ট আশাবাদী যে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন তারা।

তবে যাদের প্রথম ম্যাচের আগে ফিট হয়ে ওঠার সম্ভাবনা কম, তারা যোগ দেন অনুশীলন শুরুর ঠিক পূর্বমুহূর্তে। এ তালিকায় সবার আগে আসবে লিয়ান্দ্রো পারেদেসের নাম। বোকা জুনিয়র্সের এ মিডফিল্ডার ঘরোয়া লিগের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। দুটি প্রস্তুতি ম্যাচ তো বটেই, বিশ্বকাপের প্রথম ম্যাচটিও মিস করবেন তিনি। আলাদাভাবে ট্রেনিং করতে থাকা তিনজনের সঙ্গে যোগ দেন পারেদেস। এরপর লিওনেল মেসিও তাদের সঙ্গে অনুশীলনে যোগ দেন, যদিও তিনি নিজের মতো করেই সবকিছু করেছেন। গোড়ালির চোটে গত এপ্রিল থেকে মাঠে বাইরে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে গত বুধবার ফিট হিসেবে ঘোষণা দিয়েছে মেডিকেল টিম। তবে বাড়তি সতর্কতা হিসেবে প্রস্তুতি ম্যাচে তাঁকে খেলানো হবে না বলেই ইঙ্গিত মিলেছে।

হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে কোচ স্কালোনি চোট থেকে ওঠা কজনকে খেলাতে পারেন যেন তারা ম্যাচ ফিটনেস ফিরে পান। এরপর আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও তিনি কজনকে সুযোগ দেবেন। তাঁর মূল্য লক্ষ্য আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে প্রায় সবাইকে ম্যাচ খেলার মতো ফিট করে তোলা। 

আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো চোটাক্রান্ত প্রায় সবার উন্নতির গ্রাফটা বেশ ভালো। একমাত্র নিকো পাজের প্রত্যাশা মতো উন্নতি হচ্ছে না। তরুণ এ মিডফিল্ডারকে নিয়ে কিছুটা ঝুঁকি রয়েছে বলেই অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়াকে প্রস্তুত রাখা হয়েছে। কোমোর এই তারকা বাঁ হাঁটুতে এখনও ব্যথা অনুভব করছেন। আর্জেন্টিনার জন্য একটা ভালো খবর হচ্ছে দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে। যদিও আঙুলে চোটের কারণে প্রস্তুতি ম্যাচে খেলবেন না তিনি।

আরও পড়ুন

×