ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এবার নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইনের চেষ্টা

এবার নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইনের চেষ্টা
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৪:৪২

নওগাঁ সীমান্ত দিয়ে নারী, পুরুষ এবং শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএএফ)। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা। 

আজ শুক্রবার সকাল ৮টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে তাদেরকে পুশইনের চেষ্টা চালানো হয়। এর আগে, গতকাল ভারতের সঙ্গে সীমান্তের ১১ পয়েন্ট দিয়ে ১২৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।

বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক তারা। সম্ভাব্য পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থি যে কোনো পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তে নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তারা।

বিজিবি সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যেসব জেলার সীমান্তের ১১টি পয়েন্ট দিয়ে পুশইনের চেষ্টা করা হয়েছে সেগুলো হলো– চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, সিলেট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, খুলনা ও ঝিনাইদহ।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। সংবাদ পাওয়ার পর হাঁপানিয়া বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। ১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ ৬ জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে।

নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পেয়ে এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদেরকে ভারতীয় ভূখন্ডে পাঠানোর (পুশ-ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

×