ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তাড়াশ

‘কাঙ্ক্ষিত চাঁদা’ না পাওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

‘কাঙ্ক্ষিত চাঁদা’ না পাওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
×

প্রতীকী ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৪:২৮

সিরাজগঞ্জের তাড়াশে টাকা দেওয়ার পরও ‘কাঙ্ক্ষিত চাঁদা’ না পাওয়ায় মো. আলমাছ মাহমুদ নামের এক সার-কীটনাশক ব্যবসায়ীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে মো. আজিজুল হক (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা বাজারে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত আজিজ গোন্তা গ্রামের আকছেদ আলীর ছেলে। ভুক্তভোগী ব্যবসায়ী আলমাছ একই গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী আলমাছ জানান, তিনি স্থানীয় গোন্তা বাজারে সার ও কীটনাশকের ব্যাবসা করেন। পুঁজি বাড়াতে গোন্তা বাজারে থাকা তার নিজ নামীয় একটি জায়গা ১৩ লাখ টাকায় বিক্রি করেন। গত বুধবার জমিটি রেজিস্ট্রি করে দেন। জায়গা বিক্রির খবর পেয়ে সেদিন বিকেলে আজিজুল হক আমার ব্যাবসাপ্রতিষ্ঠানে আসেন এবং আমাকে নানাভাবে ভয়ভীতি ও ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। পাশাপাশি আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় আমি ভয় পেয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে তাকে ৮২ হাজার টাকা প্রদান করি এবং আজিজুল হক টাকা নিয়ে চলেও যান। কিন্তু গতকাল বৃহস্পতিবার আজিজুল ফের আরও এক লাখ ১৮ হাজার টাকা চাঁদা দাবি করেন। অস্বীকার করলে আজিজুল প্রকাশ্য বাজারে আমাকে গালাগাল শুরু করেন ও আমাকে বেদম মারধর করতে থাকেন। পরে বাজারের লোকজন আমাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।

তবে মো. আজিজুল হকের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, আজিজুল হক দীর্ঘ ৫-৬ বছর যাবৎ এলাকায় নানাভাবে চাঁদাবাজি করে আসছেন। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×