যশোরে ছাত্রলীগের মিছিল, ৬ কিশোর-তরুণ গ্রেপ্তার
যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় বৃহস্পতিবার মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
যশোর অফিস
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ২১:৫০
নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যশোরের বাঘারপাড়ায় ৬ কিশোর-তরুণকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিন বিকেলে ছাত্রলীগের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে রোস্তমপুর বাজারে একটি মিছিল বের করা হয়।
আটক তরুণেরা হলেন- বরিশালের জিহাদ হাওলাদার (১৯), যশোর কোতোয়ালি থানাধীন এলাকার এক কিশোর (১৬), বাঘারপাড়ার ভিটাবল্যা এলাকার প্রিন্স (১৮) ও ১৭ বছর বয়সী একজন এবং ১৫ বছর বয়সী দুই কিশোর।
বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনের ভাষ্য, তারা গোপন সূত্রে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল হতে পারে বলে জানতে পারেন। সে অনুযায়ী পুলিশ সদস্যরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেন। গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আনুমানিক ৬-৭টি মাইক্রোবাসে করে কিছু ব্যক্তি রোস্তমপুর এলাকায় এসে মিছিল শুরু করেন।
তাঁর ভাষ্য, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করেন। এ সময় তারা শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর নামে বিভিন্ন স্লোগান দেয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম বলেন, মিছিলে অংশ নেওয়ার সন্দেহে ছয় জনকে থানায় আনা হয়। মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাদের আদালতের নির্দেশে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। এতে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
- বিষয় :
- যশোর
