‘বিশেষ সম্পর্কের টানে’ ঘর ছাড়ে তিন কিশোরী, ৩ দিন পর উদ্ধার
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ২২:৫২
রাজধানীর পল্লবী থেকে নিখোঁজের তিন দিন পর তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, বিশেষ সম্পর্কের সূত্র ধরে তারা স্বেচ্ছায় বাসা থেকে পালিয়ে গিয়ে ভাড়া বাসায় অবস্থান করছিল। তাদের মধ্যে দুজন একাদশ শ্রেণির ছাত্রী।
পল্লবী থানার ওসি হাসান বাসির সমকালকে বলেন, গত ১ জুন বিকেলে দুই বান্ধবী (১৭) ও তাদের একজনের ছোট বোন (১৩) বাসা থেকে বের হয়। এরপর তাদের আর কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় পরদিন একজনের বাবা পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অপর কিশোরীর পরিবারের পক্ষ থেকেও দুটি নিখোঁজ জিডি করা হয়।
তিনি বলেন, জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকে উদ্ধার করে পুলিশ।
পুলিশের ভাষ্য, আগারগাঁও এলাকার একটি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দুই কিশোরী একে অপরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিল। বিষয়টি জানার পর তাদের পরিবারের সদস্যরা যোগাযোগ ও সাক্ষাতে বাধা দেন। এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী এক কিশোরী তার ছোট বোনকে নিয়ে বাসা থেকে বের হয়ে অপর কিশোরীর সঙ্গে মোহাম্মদপুরের ওই বাসায় যায়। উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
