ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব শুরু

প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব শুরু
×

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৯:২৭ | আপডেট: ০৫ জুন ২০২৬ | ১৯:২৯

দেশের প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ক্রীড়া উৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’ শীর্ষক এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়।

দেশের প্রাথমিক শিক্ষাকে আরও প্রাণবন্ত ও আনন্দময় করে তুলতে সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

আজ শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান আগামী ২০ জুন ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

জানা গেছে, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি। তাদের মধ্যে বালক ৪৬ লাখ ৯১ হাজার ৬৯৮ জন এবং বালিকা ৫২ লাখ ৫৬ হাজার ৭৩৪ জন।

এ বছরের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি দল ও ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। অপরদিকে বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দল এবং ১১ লাখ ৩ হাজার ২৯১ জন খেলোয়াড় মাঠে নেমেছে। সব মিলিয়ে প্রায় ২২ লাখ ১৪ হাজারের বেশি খুদে খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ  করেছে।

গতকাল বৃহস্পতিবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের মধ্যেই রয়েছে আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন খেলাধুলায় পারদর্শী হয়ে গড়ে উঠতে পারে, সেজন্য এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

জাতীয় পর্যায়ে দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন ১৬টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে আটটি বালক ও আটটি বালিকা দল রয়েছে। দেশের ক্রীড়াঙ্গনে নারী-পুরুষ সমঅংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এটি সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।

আরও পড়ুন

×