ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধান ও প্রত্যাবাসনে সমর্থন পুনর্ব্যক্ত তুরস্কের

রোহিঙ্গা সংকট সমাধান ও প্রত্যাবাসনে সমর্থন পুনর্ব্যক্ত তুরস্কের
×

ছবি: সংগৃহীত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৯:৩৪ | আপডেট: ০৫ জুন ২০২৬ | ১৯:৫১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশ সফরের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সফরকালে তিনি তুরস্কের অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবা কার্যক্রমও ঘুরে দেখেন।

শুক্রবার বিকেলে কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছানোর পর তিনি বিকেল ৪টার দিকে প্রথমে বালুখালী ৯ নম্বর ক্যাম্পে যান। সেখানে তুরস্কের অর্থায়নে পরিচালিত একটি ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন।

পরে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতাল পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।

সফরকালে প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক বিশেষ দূত হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান এবং ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র‍্যাব-১৫সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে সফরটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সন্ধ্যায় কক্সবাজার ত্যাগ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

×