ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ২৩:২৮

বাংলাদেশ সফরে আসা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে তাঁদের এই বৈঠক হয়।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের ছয় জ্যেষ্ঠ নেতা। তাঁরা হলেন—বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এমপি, সেলিম উদ্দিন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান। বৈঠককালে তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও ভূরাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়।

দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত অংশীদারত্বের মতো বিষয়গুলো গুরুত্ব পায় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে জানানো হয়, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় যৌথ সহযোগিতার বিষয়েও ঐকমত্য পোষণ করে উভয় পক্ষ। আশা প্রকাশ করে যে, ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে।

বিরোধীদলীয় নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তাঁর সরকারকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করায় ধন্যবাদ জানান। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানান। এরদোয়ানের জন্য সম্মানসূচক শুভেচ্ছাপত্র তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন তিনি।

আরও পড়ুন

×