এএসপি পরিচয়ে ভয় দেখিয়ে হাতিয়ে নিলেন চা শ্রমিকের ৩ হাজার টাকা
গ্রেপ্তার সাজু আহমদ শোভন
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৮:২০ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ১৮:২৫
পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সাজু আহমদ শোভন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগান এলাকায় দীর্ঘদিন ধরে নিজেকে এএসপি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে আসছিলেন সাজু। গত ৫ জুন ওই বাগানের চা শ্রমিক যতিন চাষাকে একটি মামলার ভয় দেখিয়ে ডিবির এএসপি পরিচয়ে তিন হাজার টাকা হাতিয়ে নেন তিনি।
এরপর শনিবার বিকেলে নিউ সমনবাগ চা বাগান বাজার এলাকায় তাকে আবারও ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। প্রতারিত চা শ্রমিকসহ কয়েকজন বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা তাকে আটক করে বড়লেখা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন, যেখানে তার নামের পাশে ‘এএসপি’ পদবি উল্লেখ ছিল। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয়, তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন।
পুলিশ জানায়, সাজু আহমদ শোভনের বাড়ি রংপুরের কোতোয়ালি থানার পশ্চিম বাবু খাঁ এলাকায়। তিনি ভুয়া পুলিশ পরিচয়পত্র ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ছিল।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- মৌলভীবাজার
- সিআইডি
- এএসপি
- প্রতারণা
- গ্রেপ্তার
