ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আবার তেঁতুলগাছের মগডালে কুড়িগ্রামের সেই নারী

আবার তেঁতুলগাছের মগডালে কুড়িগ্রামের সেই নারী
×

ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০২:০৫ | আপডেট: ০৯ জুন ২০২৬ | ০২:০৬

একমাসের ব্যবধানে আবারও তেঁতুলগাছের মগডালে দেখা গেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজারের সেই নারীকে। সোমবার সকালে স্থানীয় লোকজন সাজেদা বেগম (৪৫) নামের সেই নারীকে পুকুরপাড়ের গাছের মগডালে বসে থাকতে দেখেন। পরে তিনি গাছের ডাল বেয়ে পাশের পুকুরের পানিতে ঝাপ দেন।

সাজেদা বেগম গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা এবং আবু সাইদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর থেকে সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ের তেঁতুলগাছের মগডালে তাকে দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের ডালে সাজেদা কখনো বসা, কখনো শোয়া অবস্থায় ছিলেন। একপর্যায়ে তার ছেলে গাছে ওঠার চেষ্টা করলে তিনি নিজেই ডাল বেয়ে একটু নিচে নেমে পুকুরে লাফ দেন।

স্থানীয়রা জানান, চলতি বছরের গত ৬ মে একইভাবে একই গাছের মগডালে দেখা গেছে সাজেদাকে। সে সময় কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে।

সাজেদা বেগম জানান, কীভাবে এ ঘটনা ঘটে তা তিনি বুঝতে পারেন না। যতবার এ ধরনের ঘটনা ঘটেছে, ততবারই তিনি নামাজ শেষে বা নামাজের প্রস্তুতির সময় ছিলেন।

তিনি বলেন, আমি কীভাবে সেখানে যাই বা গাছে উঠি, তা কিছুই বুঝতে পারি না। আজ ফজরের নামাজের পর বাড়ির আঙিনায় হাঁটছিলাম। হঠাৎ শরীরে একধরনের শীতল স্পর্শ অনুভব করি। এরপর আর কিছু মনে নেই।

সাজেদার স্বামী আবু সাইদ বলেন, অনেকে আমার স্ত্রীকে মানসিক রোগী মনে করেন। আমরা তাকে রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে গেছি। কোনো নির্দিষ্ট রোগ শনাক্ত হয়নি। কয়েকবার এমন হয়েছে, ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল কিন্তু পরে তাকে ঘরে পাওয়া যায়নি। আজও বাড়ির গেটে তালা ছিল। তারপরও আমার স্ত্রী অন্যের বাড়ির পুকুরপাড়ের ওই তেঁতুলগাছে উঠে বসে ছিল।

আরও পড়ুন

×