পদ্মায় বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের গুলিবর্ষণ, নিহত ১
প্রতীকী ছবি
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১৮:৫১
পদ্মা নদীর বালুমহাল নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষ কাকন বাহিনী ও বেলাল বাহিনীর মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে লালপুরের সীমান্তবর্তী চর চরজাজিরা মৌজার পদ্মানদীর কিনারায় স্পিডবোটের ভেতর থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় একটি সবুজ ও নীল রঙের স্পিডবোট জব্দ করা হয়।
নিহতের নাম আজিজুল হক ঝড় (৩৫)। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার মো. আব্দুল শেখের ছেলে ও চারঘাট এলাকায় কাকন বাহিনীর বালুর পয়েন্টের কর্মী।
লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম জানান, আজ ভোর ৬টার দিকে পদ্মানদীর বালু মহাল নিয়ন্ত্রণ নিয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর ও রাজশাহী জেলার বাঘা উপজেলার হবির চর নামক এলাকায় কাকন বাহিনী ও বেলাল বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হলে তাকে স্পিডবোটে করে ওই এলাকা হতে লালপুর উপজেলার চরজাজিরা মৌজার পদ্মানদীর কিনারায় স্পিডবোটসহ কে বা কাহারা রেখে যায়। পরে খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর থানার পুলিশ গিয়ে স্পিডবোটের ভিতর থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় একব্যক্তির মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, পরে ঘটনাস্থলে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম গিয়ে নিহতের প্রাথমিক সুরতাহাল করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।