ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সীমান্তের শূন্য পয়েন্ট থেকে উদ্ধার ব্যক্তি থানায় হেফাজতে, জানা গেল পরিচয়

সীমান্তের শূন্য পয়েন্ট থেকে উদ্ধার ব্যক্তি থানায় হেফাজতে, জানা গেল পরিচয়
×

উদ্ধার হওয়া ছষ্ঠী চন্দ্র বর্মন। ছবি: সংগৃহীত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৩:৫৮

জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় সীমান্তের শূন্য পয়েন্ট থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে থানায় হেফাজতে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম ছষ্ঠী চন্দ্র বর্মন (৫৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাবু চন্দ্র বর্মনের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, তিনি প্রায় দুই মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন এবং পরে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে চলে যান।

জানা গেছে, বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলার সংলগ্ন এলাকায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে পাঠায়। এরপর তিনি নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করেন।

খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন। এ সময় স্থানীয়রা সেখানে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি। পরে বিজিবি শক্ত অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বৃহস্পতিবার সকালে তার পরিচয় শনাক্ত হওয়ার পর তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, ওই ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে আছেন। তার পরিবারের সদস্যরা এলে যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×