ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত
×

ছবি: সমকাল

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৪:৩২

বান্দরবান সদর হাসপাতালে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর হাসপাতাল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন সার্ভিস ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। একপর্যায়ে ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেল বা লোহার পাতের সংস্পর্শ হলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বলেন, নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন ডা. শাহীন হোসেন চৌধুরী জানান, নির্মাণাধীন ভবনের পাশে থাকা বৈদ্যুতিক লাইনের সঙ্গে লোহার পাতের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান এবং আরও দুজন আহত হন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×