ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

রোহিঙ্গা শিবিরের প্রশিক্ষণ কেন্দ্রে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

রোহিঙ্গা শিবিরের প্রশিক্ষণ কেন্দ্রে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
×

কক্সবাজারের উখিয়ার স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে আগুন ছড়িয়ে পড়লে ভিড় করেন এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬ সংলগ্ন এলাকায়। ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ০৪:০৮

কক্সবাজারের উখিয়ার মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের (রোহিঙ্গা) একটি শিবিরে স্থাপিত প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, প্রশিক্ষণ কেন্দ্রটি জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। সিএনআরএস নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার নামের কেন্দ্রটি পরিচালনা করে।

উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন জানান, দুর্বৃত্তরা গতকাল দুপুরে কেন্দ্রটিতে অগ্নিসংযোগ করে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে বৃহৎ আকার ধারণ করে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীর টহল দল, এপিবিএন সদস্য ও সংশ্লিষ্ট এনজিও কর্মীরা যৌথভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডে প্রশিক্ষণ কেন্দ্রটির অফিস, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও চিকিৎসা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম পুরোপুরি পুড়ে গেছে। সংস্থাটির প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। ঘটনার পরপরই সংশ্লিষ্ট সিআইসি ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন ও এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
 

আরও পড়ুন

×