সোনারগাঁয়ে শিক্ষামন্ত্রী
মামলায় বিঘ্নিত হচ্ছে মন্ত্রণালয়ের কাজ
এহসানুল হক মিলন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ০৭:৫৭
| প্রিন্ট সংস্করণ
আদালতে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত হাজার হাজার মামলা থাকায় কাজের গতি কমে যাচ্ছে। শুধু মাধ্যমিক পর্যায়েরই রয়েছে ৮২ হাজার ৫০০ মামলা। দ্রুততম সময়ে মামলাগুলোর নিষ্পত্তির জন্য আদালতের সঙ্গে আলোচনা করা হচ্ছে। গতকাল শনিবার বিকেলে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গতকাল শনিবার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চার তলাবিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘প্রাইমারি স্কুলগুলোতে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদ নিয়ে আদালতে মামলা চলায় শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। দ্রুত এ সমস্যা সমাধান করা হবে।’ পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যকে উদ্দেশ করে তিনি বলেন, ‘পর্যাপ্ত জমির ব্যবস্থা করে দিলে সোনারগাঁয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির ও এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
- বিষয় :
- এহসানুল হক মিলন
