ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

চরভদ্রাসনে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

চরভদ্রাসনে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১১:০৯ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১১:০৯

ফরিদপুরের চরভদ্রাসনে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মিন্টু পাট্টাদার (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। 


নিহত মিন্টু গাজিরটেক ইউনিয়নের পাট্টাদার গ্রামের বাসিন্দা জামিল পাট্টাদারের ছেলে। ট্রাকচালক আবির হোসেনকে (২১) আটক করেছে পুলিশ। আবির ফরিদপুর জেলা সদরের কানাইপুর এলাকার বড় মাধবপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিমের ছেলে।

পুলিশ জানায়, ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের বাবলাতলা নামক স্থানে মাদ্রাসার পাশে বালু ফেলে যাওয়ার সময় একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মিন্টু ছিটকে রাস্তার ঢালে পরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ট্রাকের চালককে আটক করা হয়েছে। বালুবাহী ডাম্প ট্রাকটিও জব্দ করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×