ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রামে যুবদল নেতা হত্যা

জড়িত পাঁচজনকেই শনাক্ত করেছে পুলিশ

জড়িত পাঁচজনকেই শনাক্ত করেছে পুলিশ
×

মাকসুদুল হক চৌধুরী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ২১:৩৫

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। ভিডিও ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে শনাক্ত করেছে পুলিশ। তবে কারও পরিচয় পুলিশ এখনও প্রকাশ করেনি। 

এদিকে সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা পাঁচজনেরই পরিচয় নিশ্চিত করেছেন। তারা হলেন- ধামা ইলিয়াছ, দিদার, আফসার, ইউসুফ ও জাভেদ। তারা সবাই ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হানের অনুসারী। তাদের সবার বিরুদ্ধে খুন, সন্ত্রাস ও অপহরণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তবে জড়িতদের কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। এমনকি থানায় হয়নি কোনো মামলাও।

শনিবার দুপুরে চট্টগ্রাম উত্তরের রাঙ্গুনিয়া উপজেলার সীমান্তবর্তী রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে মাসুদুল হক চৌধুরীকে (৪৫) গুলি করে হত্যা করা হয়। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাঙ্গুনিয়ার এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা হুম্মাম কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেছেন, ‘অস্ত্র হাতে যে পাঁচজনকে দেখা গেছে তারা বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী রায়হান বাহিনীর ক্যাডার বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিচয়ও বের করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব নয়।’

ভিডিওতে দেখা গেছে, হত্যাকাণ্ডে অংশ নেওয়া পাঁচজনই ছিলেন সশস্ত্র। কালো মুখোশ পরা একজনসহ দুজনের হাতে ছিল শটগান। তিনজনের হাতে ছিল পিস্তল। এক ভিডিওতে দেখা গেছে, গুলি করার সময় প্রাণে বাঁচতে মাসুদুল দৌড়ে একটি দোকানের সামনে আসেন। সেখানে তাকে কয়েক রাউন্ড গুলি করা হয়। পরে আবার এসে দুজন তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যা মিশনে ৫ জন অস্ত্র নিয়ে অংশ নিলেও তাদের একটি ব্যাকআপ টিমও ছিল। আমরা পুরো ঘটনা বিশ্লেষণ করে আইনি প্রক্রিয়া শেষ করব। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

নিহত মাসুদুল হক বেতাগী ইউপির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরীর ছোট ভাই। তিনি জানান, আসন্ন নির্বাচনে মাসুদুল ইউপি চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য বেশ কয়েকমাস আগে থেকে তিনি প্রচার-প্রচারণাও শুরু করেন। 

আরও পড়ুন

×