ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষুব্ধ মন্ত্রী

হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষুব্ধ মন্ত্রী
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ০০:৩৪ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ০১:৩৮

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া হাসপাতাল) পরিদর্শন করে রান্নাঘরসহ  হাসপাতালের সার্বিক পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরা থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি সির্ভিল সার্জনকে আগামী তিন দিনের মধ্যে রান্নাঘরের অপরিচ্ছন্ন সরঞ্জাম পরিষ্কার করে জানানোর নির্দেশ দেন। আর তা না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। 

রোববার সকালে ভিক্টোরিয়া হাসপাতালসহ ১০ জেলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) আনুষ্ঠানিক উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শনে এসে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেনের হাসপাতালে আসার কথা থাকলেও তিনি সকাল সাড়ে ৯টায় হাসপাতালে এসে পৌঁছান। এ সময় তিনি ডাক্তার, নার্স ও কর্মকর্তা- কর্মচারীদের হাজিরা খাতা খতিয়ে দেখেন। হাজিরা খাতায় স্বাক্ষর থাকা সবাই উপস্থিত আছেন কিনা, তা নাম ডেকে পরীক্ষা করেন। পুরো হাসপাতাল পরিদর্শন করার এক পর্যায়ে রান্নাঘরে প্রবেশ করেন। সেখানে হাঁড়িপাতিলসহ বিভিন্ন সামগ্রী নোংরা ও অপরিচ্ছন্ন দেখে সিভিল সার্জন আবুল ফজল মো. মশিউর রহমানের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন।    

মন্ত্রী বলেন, সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। সেজন্য ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ  ১০ জেলায়  আইসিইউ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এই আইসিইউ কার্যক্রম চালু করতে বেসরকারি খাত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশে হাত বাড়িয়ে দিয়েছে। তাদের সহযোগিতায় ১০ আইসিইউ কেন্দ্র চালু হলো। 

তিনি আরও বলেন, বিদেশিদের সহযোগিতায় নারীদের জন্য দুটি ১৫০০ বেডের বিশেষায়িত হাসপাতালসহ সারাদেশ ২০টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। নারীদের জন্য নির্মিত হাসপাতাল দুটিতে কিডনি ডায়ালাইসিস সেন্টার, ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসাসেবাসহ বিভিন্ন সেবার সুযোগ-সুবিধা থাকবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য চারটি হেলিকপ্টার ক্রয় করা হবে। উপজেলা  থেকে জটিল ও গুরুতর রোগীদের জেলা সদর বা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আনতে এই হেলিকপ্টার ব্যবহার করা হবে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা  প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

×