রূপপুরে জ্বালানি লোডিংয়ের পর ত্রুটি শনাক্ত, কার্যক্রম বন্ধ
সমকাল প্রতিবেদক ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০৮:০০
| প্রিন্ট সংস্করণ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের পর পরীক্ষামূলক কার্যক্রম চলার সময় কারিগরি ত্রুটি ধরা পড়েছে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) বলছে, এতে উদ্বেগের কিছু নেই, বরং বাণিজ্যিক উৎপাদনের আগে কমিশনিং প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবেই এ ধরনের ত্রুটি শনাক্ত ও সংশোধন করা হয়।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, রূপপুর প্রকল্প বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মান অনুযায়ী একাধিকবার নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। এসব পরীক্ষায় সামান্য বিচ্যুতি ধরা পড়া নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতারই প্রমাণ।
ড. জাহেদুল হাসান জানান, সেকেন্ডারি সার্কিটে ৮ দশমিক ১ মেগাপ্যাসকেল চাপে পরিচালিত ‘লিক-টাইটনেস টেস্ট’একটি বাধ্যতামূলক পরীক্ষা। কেন্দ্রকে শাটডাউন থেকে অপারেশনাল অবস্থায় নেওয়ার আগে এ পরীক্ষা করা হয়।
রূপপুর প্রকল্পের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সৈকত আহমেদ বলেন, বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে শীতলীকরণ ব্যবস্থা পরীক্ষা করার সময় ত্রুটিটি ধরা পড়ে। নিরাপত্তা নিশ্চিত করতে সঙ্গে সঙ্গে কার্যক্রম বন্ধ করা হয়। ত্রুটিটি ছোট এবং দ্রুত মেরামতের কাজ চলছে। মেরামত হলে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্টরা জানান, জ্বালানি লোডিংয়ের আগেও পরীক্ষার সময় রিঅ্যাক্টর কুলিং পাম্পে একটি ত্রুটি ধরা পড়েছিল। তখনও কয়েকদিনের জন্য কার্যক্রম স্থগিত রাখতে হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের এক প্রতিনিধি বলেন, পরীক্ষামূলক পর্যায়ের মূল উদ্দেশ্যই সম্ভাব্য ত্রুটি শনাক্ত করা এবং সেগুলো ঠিক করা। এ ক্ষেত্রে যে সমস্যা পাওয়া গেছে, তা বড় নয়। মেরামত হলে পুনরায় পরীক্ষা চালানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. শফিকুল ইসলাম বলেন, জ্বালানি লোডিং ও কমিশনিং পর্যায়ে এ ধরনের কারিগরি বিষয় শনাক্ত হওয়া অস্বাভাবিক নয়। কোনো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে প্লান্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হয়। বর্তমান পরিস্থিতি সে ধরনের নয়।
এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, রূপপুর প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পকে শক্তিশালী ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম করতে নিরাপত্তা খাতে বিপুল বিনিয়োগ করা হয়েছে।
- বিষয় :
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
