ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি ও ব্যবসায়ীদের বিক্ষোভ

হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি ও ব্যবসায়ীদের বিক্ষোভ
×

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড় এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আলুচাষি ও ব্যবসায়ীরা। এ সময় মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা সমকাল

 রংপুর অফিস

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ০৭:২৭

| প্রিন্ট সংস্করণ

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। গতকাল বুধবার দুপুরে মডার্ন মোড় এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। অবরোধের কারণে রংপুর বিভাগের সাত জেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ প্রায় এক ঘণ্টা ব্যাহত হয়। 
জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে পাঁচ শতাধিক চাষি ও ব্যবসায়ী অংশ নেন। এ সময় তারা মহাসড়কে আলু ফেলে প্রতীকী বিক্ষোভও প্রদর্শন করেন। এ সময় বক্তব্য দেন, জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক, সহসভাপতি আব্দুন নূর, জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার সাদাত, সদস্য সচিব দিল মেরাজুল দুলু প্রমুখ।  কর্মসূচিতে সংহতি জানান জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ, জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার সাদাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হিমাগারের মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে আলু সংরক্ষণের ভাড়া বাড়িয়েছেন। এতে চাষি ও ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বলেন, প্রতি ৬০ কেজি আলুর বস্তা সংরক্ষণে ৪৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি কেজি আলু সংরক্ষণে প্রায় সাত টাকা খরচ হচ্ছে। উৎপাদন ব্যয়সহ প্রতি কেজি আলুর খরচ ২৪ টাকার বেশি হলেও বর্তমানে বাজারে ১৬ থেকে ১৭ টাকায় বিক্রি করতে হচ্ছে। ফলে কৃষক ও ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানে পড়েছেন।
সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রংপুরে সংরক্ষণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তিনি ভাড়া কমিয়ে প্রতি বস্তায় ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে নির্ধারণের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেওয়া হলে বেলা ১টার দিকে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে হিমাগার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, কৃষি মন্ত্রণালয় নির্ধারিত প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা হলেও বর্তমানে হিমাগারগুলো ৬ টাকা ৩২ পয়সা হারে ভাড়া নিচ্ছে। এখানে কোনো সিন্ডিকেট নেই। বিদ্যুতের দাম বাড়ার কারণে ভাড়া সমন্বয়ের দাবি জানানো হয়েছে। 
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি আতাউর রহমান বলেন, কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। অবরোধ প্রত্যাহারের পর দুপুর দেড়টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়।
 

আরও পড়ুন

×