যাত্রীবাহী বাস যেন আর্জেন্টিনার পতাকা, রয়েছে মেসির ছবিও
ছবি: সমকাল
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৬:৪৭ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৬:৫০
বাংলাদেশ থেকে আর্জেন্টিনা ও ব্রাজিল হাজার হাজার কিলোমিটার দূরের দেশ। তবে ফুটবলপ্রেমী বাংলাদেশিদের কাছে দেশ দুটি যেন হৃদয়ের খুব কাছের একটি নাম। সেই ভালোবাসারই ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এক পরিবহন উদ্যোক্তা। নিজের যাত্রীবাহী বাসকে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে সাজিয়ে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
নীল-সাদা রঙে মোড়ানো বাসটির গায়ে শোভা পাচ্ছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বড় আকৃতির প্রতিকৃতি। দূর থেকে দেখলে মনে হয়, যেন আর্জেন্টিনা দলের জার্সির নকশায় তৈরি একটি চলমান বাস। তবে প্রিয় দলের প্রতি ভালোবাসার পাশাপাশি দেশের প্রতি শ্রদ্ধা জানাতে বাসটির মাঝামাঝি অংশে বাংলাদেশের পতাকা সংযোজন করে বড় অক্ষরে লেখা হয়েছে— সবার আগে বাংলাদেশ।
ব্যতিক্রমী এই উদ্যোগের উদ্যোক্তা নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া মাকসিম। ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থক তিনি। ফুটবল ঘিরে মানুষের আনন্দ-উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে তুলতেই বাসটিকে নতুন রূপ দিয়েছেন বলে জানান।
স্থানীয়দের ভাষ্য, বাসটি সড়কে চলাচল শুরু করার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকেই বাসটির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। যাত্রী ও পথচারীদের কাছেও এটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আর্জেন্টিনা সমর্থক তারিকুল ইসলাম বলেন, ‘মেসির ছবি ও আর্জেন্টিনার রঙে সাজানো বাসটি প্রথম দেখাতেই দারুণ লেগেছে। এটি শুধু সমর্থনের প্রকাশ নয়, ফুটবলপ্রেমীদের জন্যও একটি ব্যতিক্রমী আয়োজন।’
উদ্যোক্তা গোলাম কিবরিয়া মাকসিম বলেন, ‘বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ফুটবল ঘিরে মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেটিকে আরও প্রাণবন্ত করতে এই উদ্যোগ নিয়েছি। মানুষের ইতিবাচক সাড়া আমাকে অনুপ্রাণিত করেছে। খেলাধুলা মানুষকে আনন্দ ও সম্প্রীতির বার্তা দেয়। আমি আর্জেন্টিনার সমর্থক হলেও দেশের পরিচয় সবার আগে। তাই বাসে বাংলাদেশের পতাকা ও ‘সবার আগে বাংলাদেশ’ বার্তাটি বিশেষভাবে স্থান দিয়েছি।’
- বিষয় :
- ফুটবল
- বিশ্বকাপ ফুটবল
- বাংলাদেশ
