বন্ধুর ছুরিকাঘাতে তরুণ নিহত
হাসপাতালে মরদেহ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৫:৩০
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৬) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মসজিদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর দুই বন্ধু হলেন- একই এলাকার মৃত বাবুর ছেলে জিসান (২৬) ও হাকিমুদ্দিন আকুর ছেলে মেহেদী (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তিন বন্ধুর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জিশান ছুরি দিয়ে রজব আলীর বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- ছুরিকাঘাতে হত্যা
