এই দেশকে আর কখনোই পরনির্ভরশীল করা যাবে না: রিজভী
রুহুল কবির রিজভী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৬:৫৯
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, এই দেশকে আর কখনোই পরনির্ভরশীল করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে জাতি আত্মনির্ভরশীল স্পিড নিয়ে দেশ পরিচালনা করে এসেছে, যার কারণে এই জাতি শক্তিশালী হয়েছে। তিনি বলেন, দেশে স্বাধীনতা ও শক্তিশালী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে আরও বেশি সুদৃঢ় করা এবং এই শিকলকে আরও গভীরে প্রতিস্থাপনের প্রচেষ্টা বিএনপি বরাবরই করে এসেছে।
বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের-নেতৃত্বে তা আরও গভীর থেকে গভীরতর হয়েছে, এটা জনগণ বিশ্বাস করে। এ নিয়েই নানা তৎপরতা ও নানা ধরনের কার্যক্রম পরিচালিত করছেন বর্তমান সরকার।
তিনি বলেন, মিথ্যা অপপ্রচারের মাধ্যমে দেশের ভাবমূর্তি বিনষ্ট করার কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মহল বিশেষ করে এ কর্মকাণ্ড করছে, যা আমাদের ইতিহাস-ঐতিহ্যের বিপরীত।
তিনি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে এবং এটি নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। বাংলাদেশের উন্মুক্ততা (ওপেননেস) নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ ও বুদ্ধিজীবীরা সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করে। এখানে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সরকার সজাগ রয়েছে এবং জনগণও সচেতন।
চীনের সাথে বাংলাদেশের, বিশেষ করে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে চীনের সাথে সম্পর্ক শুরু হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে তা ঐতিহাসিক পর্যায়ে পৌঁছায়।
তিনি আরও বলেন, তারেক রহমান তার টিমসহ চীন সফরে রয়েছেন। এ সফরে জনগণের প্রত্যাশা চীনের সাথে ঐতিহাসিক চুক্তি ও সম্পর্ক আরও শক্তিশালী হবে।
বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে। এ বিষয়ে জনগণ প্রত্যাশা করে সরকার যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ নেবে এবং রপ্তানি বাড়াতে কাজ করবে।
তিনি আরও বলেন, সংসদে জুয়া নিষিদ্ধ করার জন্য বিল উত্থাপন করা হয়েছে। সমাজবিরোধী কর্মকাণ্ড নির্মূলের যথাযথ উদ্যোগ নিচ্ছে বর্তমান নির্বাচিত সরকার। জুয়া সম্পূর্ণরূপে নির্মূলের জন্য কার্যকর ভূমিকা রাখবে সরকার। নির্বাচনের প্রাক্কালে দলের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বাস্তবায়ন করছেন। পাশাপাশি বিভিন্ন ধরনের উস্কানি ও দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, তবে জনগণ অত্যন্ত সচেতন এবং সবকিছুই বুঝতে পারছে।
