ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

কালীগঞ্জে আ’লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার, পাঠানো হল কারাগারে

কালীগঞ্জে আ’লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার, পাঠানো হল কারাগারে
×

ছবি- সমকাল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৭:৩০ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১৭:৩৫

ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পৌরসভার সাবেক মেয়র বিজুর ছোট ভাই মোস্তাক আহম্মেদ লাভলু, মালিয়াট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাবিরুল ইসলাম নান্নু, পৌর শ্রমিক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নওশের আলী, শ্রমিক লীগের সদস্য আশরাফুল শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক শেখ সৌরভ ওরফে সাদ্দাম, ছাত্রলীগ সদস্য মাসুদ আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক সবুজ হোসেন এবং ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি সাইদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর আড়পাড়া এলাকার বাড়িতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা সমবেত হয়েছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশ পৌঁছালে বাড়ির নারী সদস্যরা সামনে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং দায়িত্ব পালনে বাধা দেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুসহ ১১ জনের নামসহ অজ্ঞাত আরো ২০ থেকে ৩০ জনকে আসামী করে এসআই মনিরুজ্জামান একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

×