ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

আদালতের আদেশের অর্থ না বুঝেই এজলাসে নারীর ‘বিষপান’

আদালতের আদেশের অর্থ না বুঝেই এজলাসে নারীর ‘বিষপান’
×

প্রতীকী ছবি

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৭:৫০ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১৮:২৮

ভোলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের অর্থ না বুঝে এজলাসে বিষপান করেছেন তারাভানু (৩৫) নামে যৌতুক মামলার এক বাদী। পুলিশ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। 

আজ বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে এ ঘটনা ঘটে। ওই নারী বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বাহার উদ্দিন।

ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক শেখ মো. নাসির উদ্দীন জানান, একটি সিআর মামলার বাদী ওই নারী। তিনি স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট প্রথম আদালতে মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিল। আদালত চলাকালীন বাদী এজলাসে বিষপান করেন। তাৎক্ষণিক তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

আদালত সূত্র ও উপস্থিত আইনজীবীরা জানান, আজকে আদালতে মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিল। এ সময় বিচারক মামলার এক নম্বর আসামি বাদীর স্বামী বাহার উদ্দিনকে রেখে অন্য আসামিদের অব্যাহতি দেন। কিন্তু বিষয়টি বাদী ভুল বোঝেন। তিনি মনে করেন- তার স্বামীকেও অব্যহতি দেওয়া হয়েছে। এ সময় তারসঙ্গে থাকা ব্যাগ থেকে তরল কিছু একটা বের করে এজলাসেই পান করেন।

ভোলা আইনজীবী সমিতির সভাপতি ও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফরিদুর রহমান জানান, বিচারক বাদীর স্বামীর বিরুদ্ধে চার্জ গঠন করে বাকি তিন জনকে অব্যাহতি দেন। কিন্তু ওই নারী মনে করেছিলেন আজই বিচার পেয়ে যাবেন। বিচার পেতে কিছুটা বিলম্ব ও অভিযুক্ত কয়েকজন অব্যাহতি পাওয়ায় তিনি আকষ্মিক এ ঘটনা ঘটিয়েছেন।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরাফাতুর রহমান জানান, ওই নারীর চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল আছে। আরও পর্যবেক্ষণ করতে হবে। কি পান করেছেন তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেননি তিনি।

আরও পড়ুন

×