ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

আবারও বাড়িতে হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ

আবারও বাড়িতে  হামলা, ভাঙচুর  অগ্নিসংযোগ
×

কিশোরগঞ্জে মাদক কারবারের অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায় জনতা। শুক্রবার দুপুরে শহরের নগুয়া বটতলা এলাকায় সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৮:১২ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

মাদক কারবারের অভিযোগ তুলে কিশোরগঞ্জে আবারও একটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর শহরের নগুয়া বটতলা এলাকায় হাবু মিয়ার বাড়িতে এই হামলা হয়। উত্তেজিত জনতা তাঁর টিনের ঘর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে। পরে ঘর থেকে বিছানাপত্র ও আসবাব বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। 
এর আগে গত ১৯ জুন জুমার নামাজের পর সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধ্যপাড়া ও সিদ্ধেশ্বরী এলাকায় রেলওয়ে বস্তিতে একইভাবে হামলা হয়েছে। সেখানে মাদক কারবারি হিসেবে পরিচিত জোসনা আক্তার, ওবায়দুল্লাহ, হেলাল, রাজিব, তৌকিসহ অন্তত ১২টি ঘরবাড়িতে হামলার পর পুড়িয়ে দেওয়া হয়।
গত শুক্রবার নগুয়া বটতলায় হামলার সময় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুখলেছুর রহমান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘মাদক আমাদের সন্তান, ভাই, আত্মীয়স্বজনদের ধ্বংস করে দিচ্ছে। সমাজকে রক্ষা করার জন্য আজকে হাজার হাজার মুসল্লিসহ জনতার অভিযান চলছে। মাদককে এই সমাজ থেকে আমরা চিরতরে নির্মূল করব।’
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম ভূঞার ভাষ্য, এ ধরনের হামলার সময় পুলিশ গেলে জনতা আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। মানুষ অতিষ্ঠ হয়ে এভাবে হামলা চালালেও সামাজিকভাবে দীর্ঘমেয়াদি প্রচারণা দরকার। 

আরও পড়ুন

×