কম দামে দোকান ভিটা বিক্রি না করায় মামলা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৮:১৫
| প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের একটি দোকান ভিটা বাজার মূল্যের কম দামে বিক্রি করতে রাজি না হওয়ায় প্রতিপক্ষের হামলা-মামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করেছেন স্থানীয় এক বাসিন্দা।
শনিবার বেলা ১২টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শমশেরনগর বাজারের ব্যবসায়ী শাহীন শেখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন শেখ বলেন, ২০১০ সালের ৫ অক্টোবর শমশেরনগর বাজারের বাসিন্দা রুজেনা আক্তার খানমের কাছ থেকে শমশেরনগর টি গার্ডেন মৌজায় একটি দোকান ভিটা ক্রয় করেন। পরবর্তী সময়ে ভিটার পার্শ্ববর্তী জমির মালিক শাহাজাদ আলী ভিটাটি বাজার মূল্যের অনেক কম দামে কেনার প্রস্তাব দিলে শাহীন অনীহা প্রকাশ করেন। এরপর থেকেই শমশেরনগর বাজারের শাহাজাদ আলী ও তাঁর সহযোগী আনোয়ার হোসেন রিমন একের পর এক হয়রানিমূলক মামলা দিয়ে যাচ্ছেন। পুলিশের মাধ্যমে দোকানের নির্মাণ কার্যক্রমে বাধা দেওয়া হয়।
লিখিত বক্তব্যে শাহীন আরও বলেন, ক্রয়কৃত ভূমিকে কেন্দ্র করে প্রতিপক্ষ শাহাজাদ আলী ও আনোয়ার হোসেন রিমন বাদী হয়ে এ পর্যন্ত আদালতে পর পর পাঁচটি হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। এর মধ্যে দুটি খারিজ হয়েছে, একটি আমার পক্ষে রায় হয়েছে এবং দুটি মামলা চলমান রয়েছে। অভিযোগ বিষয়ে আনোয়ার হোসেন রিমন বলেন, তিনি আইন-আদালত সবই মানেন। তাঁর ওই ভূমি কেনার চেষ্টা করলেও তিনি তাদের কাছে বিক্রি করতে রাজি হননি। তবে শাহীন শেখ ভূমির আট পয়েন্ট জায়গা বেশি দখলে রেখেছেন। এজন্য আদালতে মামলা দায়ের করেছেন।
কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দীন বলেন, এ বিষয়ে গত শুক্রবার রাতে শাহীন শেখের একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি এএসআই আব্দুল হামিদকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন–শমশেরনগর বাজারের ব্যবসায়ী আনোয়ারুল হক, মো. মুকিদ, রেজাউল করিম, মো. কালা মিয়া ও আনোয়ার মিয়া। উপস্থিত ব্যবসায়ীরা সম্মেলনে বাজারের ব্যবসায়িক পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
- বিষয় :
- মামলা
