গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৮:২১
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, কৃষক কার্ড আর ফ্যামিলি কার্ড দিয়ে দেশের ৭০ ভাগ মানুষের ভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে যে পথে শেখ হাসিনা গেছেন, সেই পথেই তারেক রহমানও যাবেন। আমরা ৭০ ভাগ মানুষের ইচ্ছার শান্তিপূর্ণ বাস্তবায়ন চাই। বর্তমান সরকার যদি তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, বিএনপি ও তারেক রহমান যদি জনগণের ভোটাধিকার হরণ করে শেখ হাসিনার পথ অনুসরণ করেন, তাহলে তাদের পরিণতিও ভিন্ন হবে না।
গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাওলানা মামুনুল হক বলেন, বিগত ১৫ বছরের রাজনৈতিক ব্যর্থতার কারণে এ দেশের যুবকরা প্রাণ দিয়েছেন। ২০১৩ সালে শাপলা চত্বরে এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে মানুষ জীবন ও রক্ত দিয়েছে। সেই রক্তের সাগর পেরিয়েই ৫ আগস্ট বাংলার মানুষ মুক্তি পেয়েছে। মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রামে কোনো কঠিন পথ অবলম্বন করতেও তারা কুণ্ঠাবোধ করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটের প্রসঙ্গ টেনে মামুনুল হক দাবি করেন, দেশের জনগণ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার পক্ষে রায় দিয়েছে এবং ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে। স্বাধীনতার পর দীর্ঘদিন ধরে দুই দলীয় শাসনের কারণে জনগণ নিপীড়িত হয়েছে।
‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবে একমত হয়েছিল, বিএনপি অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির সঙ্গে সমঝোতা করে তা নষ্ট করেছে। সংস্কারের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো ‘চোরাই পথ’ অবলম্বন করা হলে তা বিএনপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সঙ্গে মিলে নির্বাচন প্রকৌশলের মাধ্যমে আমাদের হারিয়েছে। তা না হলে আমরা ১৮০টি আসন নিয়ে সংসদে যেতাম। তবুও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সংঘাত, দুর্নীতি ও বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে আমরা নির্বাচনের ফল মেনে নিয়েছি। তিনি আরও বলেন, মানুষ সরাসরি ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ার কারণেই মানুষ বিএনপি, জামায়াত ও ১১ দলকে ভোট দিয়েছে। কিন্তু ক্ষমতায় গিয়ে যদি জুলাই সনদের বিরোধিতা করা হয়, তবে জনগণ সে জন্য ভোট দেয়নি। গণভোটের রায় বাস্তবায়ন না করলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, দেশ পরিচালনায় বিএনপি বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গণহত্যার বিচার প্রশ্নে তাদের কার্যকর কোনো পদক্ষেপ নেই। তেল, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বেড়েছে। তিনি আরও যোগ করেন, সম্প্রতি প্রধানমন্ত্রী চীন ও মালয়েশিয়া সফর করে দেশের জন্য কী অর্জন করেছেন, তা জনগণকে জানাতে পারছেন না।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন। আরও বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
- বিষয় :
- দাবি
