মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গা সংবাদদাতা
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৭:১৩
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে স্বর্ণা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার নানি সাজেদা খাতুন। রোববার দুপুরে দামুড়হুদা উপজেলার চিৎলা দেশ ভাটার সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা খাতুন (১) মেহেরপুর সদরের সাজেদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে শিশু স্বর্ণাকে নিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার মা ও নানি। পরে ভ্যানযোগে ফেরার পথে একটি মোটরসাইকেল তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শিশু স্বর্ণা মায়ের কোল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার নানি সাজেদা খাতুনও ভ্যান থেকে পড়ে আহত হন।
তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন বলেন, এই ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
- বিষয় :
- চুয়াডাঙ্গা
- সড়ক দুর্ঘটনা
- শিশুর মৃত্যু
