পুরোনো ঘটনার জেরে সাংবাদিককে মারধর
প্রতীকী ছবি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০৮:০২
পটুয়াখালীর কলাপাড়ায় মোয়াজ্জেম হোসেন (৪০) নামে এক সাংবাদিকের ওপর হামলা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার-সংলগ্ন সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোয়াজ্জেম হোসেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন।
মোয়াজ্জেম হোসেন দৈনিক আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি। পাশাপাশি নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তাঁর ভাষ্য, শনিবার রাত ৮টার দিকে একটি মোবাইল ফোনের দোকানে বসে ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইনের নেতৃত্বে ৭-৮ জন ছাত্রদল নেতাকর্মী তাঁর ওপর দুই দফা হামলা করে। তাঁকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করেন।
মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, গত ২১ জুন শহরের স্লুইস এলাকায় তাঁর বোনের বাড়িতে হামলা হয়েছিল। এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর জেরে শনিবার তাঁর ওপর হামলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি। অপর ছাত্রদল নেতা মো. বেলাল হোসাইন হামলার অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, এলএলবি পরীক্ষায় অংশ নিতে শনিবার সারাদিন বরিশালে ছিলেন। সন্ধ্যার পর এলাকায় ফিরে এসে ঘটনাটির বিষয়ে জানেন। কারা এ হামলায় জড়িত, কিছুই জানেন না। তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ দুঃখ প্রকাশ করে বলেন, এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন শিকদার বলেন, আহত সাংবাদিককে দেখতে তিনি ও দলের কয়েকজন নেতা হাসপাতালে গেছেন। এ ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম সমকালকে বলেন, ‘এ বিষয়ে এখনও মামলা হয়নি। বিষয়টি আমরা জেনেছি; গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
বিষয়টি জানার পর কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এদিকে গতকাল রোববার জেলা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. বেল্লাল হোসাইনকে বহিষ্কার করা হয়েছে।
- বিষয় :
- পটুয়াখালী