অবকাশকেন্দ্রে শ্লীলতাহানি ব্যবস্থাপকসহ দুজন জেলে
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৮:১০
| প্রিন্ট সংস্করণ
বান্দরবানের লামায় দুই নারী পর্যটকের শ্লীলতাহানি ও ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় লামা থানায় অভিযোগ দেওয়ার পর গত রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাদের বান্দরবান আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মাতামুহুরী নদী তীরের একটি অবকাশযাপন কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) ও তাঁর সহযোগী মো. হৃদয় (২৮)। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী পর্যটকদের এক সঙ্গী। এজাহারে তিনি উল্লেখ করেন, মাতামুহুরী নদীতে গত ২৫ জুন তিনিসহ তিনজন নৌকাভ্রমণে বের হন। নদীপথে কিছু দূর যাওয়ার পর এক নারী পর্যটক অসুস্থ বোধ করেন। এ সময় তারা নদীতীরের একটি অবকাশযাপন কেন্দ্রে যান। বিশ্রামের জন্য একটি কক্ষে গেলে ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ ও তাঁর সহযোগী দরজা বন্ধ করে দেন।
এ ঘটনার কিছুক্ষণ পরই বাইরের থেকে আরও ৭-৮ জন লোক এনে ব্যবস্থাপক কক্ষে ঢুকে পড়েন। তারা দুই নারী পর্যটকের শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করে। দুজনের কানের দুল ও ব্যাগ থেকে নগদ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনা কাউকে জানালে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় মোহাম্মদ রাশেদ ও হৃদয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মামলার পর অবকাশ কেন্দ্রটির ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ ও মো. হৃদয়কে গত রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। গতকাল তাদের আদালতে নেওয়া হলে বিচারক দুই জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
- বিষয় :
- কারাদণ্ড