দপ্তরটি সুবিধাজনক স্থানে করার দাবি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৮:০৭
| প্রিন্ট সংস্করণ
প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদরদপ্তর সুবিধাজনক স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, সর্বশেষ গণশুনানির প্রস্তাব অনুযায়ী নতুন উপজেলার সদরদপ্তর নারায়ণহাট ও দাঁতমারার মধ্যবর্তী স্থানে বা সবার জন্য সুবিধাজনক কোনো জায়গায় করতে হবে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ‘উত্তর ফটিকছড়ির সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে হেয়াকো, নারায়ণহাট ও দাঁতমারা এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা লাঠিসোটা নিয়ে চট্টগ্রামের বারৈয়াহাট-খাগড়াছড়ি ও কাজীরহাট-হেয়াকো সড়ক অবরোধ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাগানবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুল, ভুজপুর থানা যুবদলের সাবেক আহ্বায়ক নুরুল আমিন আজাদ, ভুজপুর থানা যুবদলের সভাপতি একরামুল হক একরাম, ব্যাংকার হাসান শামসুদ্দিন, ইদ্রিস মিয়া ইলিয়াস, সাংবাদিক কামাল উদ্দিন। সমাবেশে নুরুল আমিন আজাদ অভিযোগ করেন, উপজেলার উত্তরাঞ্চলের চারটি ইউনিয়ন থেকে সরকার সর্বোচ্চ রাজস্ব পায় এবং এখানে দুই লাখের মতো মানুষের বসবাস। তাই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে দাঁতমারা বা নারায়ণহাট এলাকায় সদরদপ্তর স্থাপন করা যৌক্তিক।
- বিষয় :
- দপ্তর পুনর্বণ্টন
