নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, অফিস ঘেরাও
মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকরা সমকাল
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০৮:২২
| প্রিন্ট সংস্করণ
মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয়েছে। গতকাল বুধবার সকালে গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করেছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
সকালে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মহিবুর রহমান। বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধা, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা মনির হোসেন, খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান খান ছিটু প্রমুখ।
বক্তারা বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত। শিল্প-কারখানা ও সাধারণ গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিক্ষোভকারীরা কর্মসূচি শেষে স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুতের মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মোখলেছুর রহমান। তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির লক্ষ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
- বিষয় :
- বিদ্যুৎ সরবরাহ