রামদার ভয় দেখিয়ে আনসার সদস্যদের শটগান লুট
হরিপুর বিদ্যুৎকেন্দ্র
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৮:৪৯
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরত দুই আনসার সদস্যকে মারধর করে রামদার ভয় দেখিয়ে দুটি শটগান ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোরে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে। অস্ত্র লুটের ঘটনায় বন্দর থানায় মামালা হয়েছে।
আনসার সদস্য সৈকত ও মনিরুজ্জামান মুন্সি জানান, গত বুধবার রাতে তাদের ডিউটি ছিল শীতলক্ষ্যা নদীর তীরে। গতকাল ভোরে নদীর তীরে তারা বসে ছিলেন। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলারযোগে পাঁচ-ছয়জন যুবক এসে তাদের ঘিরে ধরে। দুর্বৃত্তরা রামদার ভয় দেখিয়ে ও মারধর করে তাদের শটগান ছিনিয়ে নেয়। এরপর ইঞ্জিনচালিত নৌকা নিয়ে কাঁচপুরের দিকে চলে যায়। দুর্বৃত্তদের মুখে মাস্ক ছিল।
সকালে অস্ত্র খোয়া যাওয়ার পর দুপুরে আনসার সদস্য মনিরুজ্জামান মুন্সি বাদি হয়ে বন্দর থানায় একটি মামলা করেন। বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, আনসার সদস্যদের অস্ত্র লুটের ঘটনায় মামলা হয়েছে। পুলিশের একাধিক গোয়েন্দা টিম কাজ করছে। অস্ত্র লুটের সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করার কাজ চলছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ধারণা করা হচ্ছে ডিউটিরত দুই আনসার সদস্য হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। নৌকাযোগে এসে দুর্বৃত্তরা সুযোগ বুঝে শটগান দুটি নিয়ে গেছে। ডিউটিরত দুই আনসার সদস্য আমাদের জিজ্ঞাসাবাদে অনেক প্রশ্নের উত্তর দিতে পারেননি। হরিপুর বিদ্যুৎকেন্দ্রের ওই জায়গাটিতে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না। বন্দর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
- বিষয় :
- বিদ্যুৎকেন্দ্র
