ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইমাম-মুয়াজ্জিন পরিষদের বিক্ষোভ সমাবেশ

ইমাম-মুয়াজ্জিন পরিষদের বিক্ষোভ সমাবেশ
×

 সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৯:০৪

| প্রিন্ট সংস্করণ

হাফিজ সৈয়দ নাঈম আহমেদের মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং উচ্চ আদালতে ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ ইমাম-মুয়াজ্জিন পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলফাত স্কয়ারে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

সভাপতিত্ব করেন সুনামগঞ্জ ইমাম-মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, মাওলানা রফিক আহমদ ও হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন। প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ আব্দুল বছীর। 
বক্তরা বলেন, ২০০৪ সালে দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় কে বা কারা বোমা হামলা করে, সেই ঘটনায় সন্দেহমূলক আসামি করে মামলা করা হয়। সে মামলায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বর্তমান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদের সরকারদলীয় হুইপ জি কে গউছ, হাফিজ নাঈমসহ ১৩ জনকে আসামি করা হয়। তার মধ্যে চারজন মারা গেছেন। বাকি ৯ আসামির মধ্যে সরকারদলীয় আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়, কিন্তু একমাত্র হাফিজ নাঈম আহমদের ফাঁসির রায় দেওয়া হয়।  উচ্চ আদালতে এ রায় বাতিল করে দ্রুত সময়ের মধ্যে হাফিজ নাঈমের মুক্তিসহ তিন দফা দাবি পেশ করা হয়।

দাবিগুলো হলো–হাফিজ সৈয়দ নাঈম আহমেদের মৃত্যুদণ্ডের রায় উচ্চ আদালতে পুনর্বিবেচনার মাধ্যমে বাতিল করে ন্যায়বিচার নিশ্চিত, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হত্যা মামলার তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন, ভারতে মুসলিম জনগোষ্ঠী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ এবং বাংলাদেশ সরকারকে মানবিক ও কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন

×