ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

কুমিল্লা

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভির ফুটেজ ভাইরাল

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভির ফুটেজ ভাইরাল
×

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৮:২১

কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ওয়ার্ড বিএনপি কর্মীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে একটি লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

অভিযুক্ত খোকন ওরফে লেংড়া খোকন উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই নারী বাজারের একটি লাইব্রেরির সামনে ঘুমিয়ে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে দেখা যায়, গভীর রাতে নির্জন বাজারে ঘুম থেকে উঠিয়ে খোকন ওই নারীকে ধর্ষণ করেন। এ সময় ওই নারী তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বাজারের লোকজন ও স্থানীয় বিএনপি নেতারা খোকনকে শনাক্ত করেন।

বারপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম বলেন, খোকন বিএনপির কোনো পদধারী নেতা নন, তবে তিনি দলের একজন কর্মী মাত্র। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। 

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম সমকালকে জানান, আজ শনিবার সকাল ১০টার দিকে একটি সিসিটিভির ফুটেজ পেয়ে ঘটনায় জড়িত খোকনকে আটক করতে এলাকায় পুলিশ পাঠানো হয়। সে এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন

×